ইন্টারনেট সেবাকে করমুক্ত রাখার দাবি

২১ এপ্রিল, ২০২১ ১২:৫৬  
আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেটে ইন্টারনেট সেবাকে করমুক্ত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ২১ এপ্রিল, বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ জানান, দেশের ৪৬ শতাংশ গ্রাহক মোবাইল সেবার বাইরে রয়েছেন। এর অন্যতম কারণ উচ্চকর হার।   ইন্টারনেটের সঙ্গে যুক্ত ডিজিটাল ডিভাইসের ওপর উচ্চকর দেশের মানুষের ডিজিটাল ডিভাইস ব্যবহারে বাধাসৃষ্টি করছে বলেও জানান মহিউদ্দিন আহমেদ। তিনি আসন্ন বাজেটে ইন্টারনেটের সঙ্গে যুক্ত ডিজিটাল ডিভাইসের ওপর আরোপিত কর কমানোর আহ্বান জানান। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের এই নেতা আরও বলেন, নতুন মোবাইল সিম কেনার ক্ষেত্রে ট্যাক্স একটি বড় বাধা। সিম ট্যাক্স প্রত্যাহার করা হলে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মোবাইল সেবা ব্যবহারে গতি সঞ্চার হবে। একই সঙ্গে করপোরেট ট্যাক্স হারের জন্য টেলিকমখাতে নতুন বিনিয়োগকারী আসছেন না বলেও মন্তব্য করেন তিনি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আরও জানিয়েছে, করোনা মহামারীর মধ্যে জীবনযাত্রাকে সচল রাখতে একমাত্র নির্ভরযোগ্য ভরসার মাধ্যম হচ্ছে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা। তাই এ সেবার বাজেট জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিডিপির প্রায় বর্তমানে ৭ শতাংশ অর্জিত হয় এই খাত থেকে। আসন্ন বাজেটে গ্রাহকদের চাহিদা ও আকাঙ্ক্ষা এসব বিষয়ে নজর দিলে জিডিপিতে এই খাত অগ্রণী ভূমিকা রাখবে।